পঞ্চগড়ের দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন জামায়াত নেতা আবুল বাশার বসুনিয়া।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ন্যাংড়া পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবেন রায়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় পরিবারের হাতে চাল, শুকনো খাবার ও শীতবস্ত্র তুলে দিয়ে তাদের প্রতি সহমর্মিতা জানান।
আবুল বাশার বসুনিয়া পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দশার কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে পরিবারটি যেন ক্ষতি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ন্যাংড়া পাড়ায় ভবেন রায়ের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
এস.এম/ ডিএস