পঞ্চগড়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মাঠপর্যায়ের প্রাথমিক বাছাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে অক্টোবর-২০২৬ নিয়োগের এ কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন পঞ্চগড়ের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আবু সাইম।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী এবং দিনাজপুরের বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার।
এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত পর্যবেক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের পিআইও কামরুজ্জামান, পিপিএম-সেবা।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, পুলিশ হাসপাতাল পঞ্চগড়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
প্রথম দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মোঃ আবু সাইম নিয়োগ কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে নিয়োগের নামে কোনো প্রতারক চক্রের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন না করতে প্রার্থীদের সতর্ক করেন।
প্রথম দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্বিতীয় দিনের কার্যক্রম হিসেবে Physical Endurance Test (PET) বা শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ে পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এস এমন/ডিএস