পঞ্চগড়ে আট জেলার শিশুদের অংশগ্রহণে শুরু হয়েছে বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের রংপুর অঞ্চলের দুই দিনব্যাপী ‘২য় আঞ্চলিক ঝাঁক অবকাশ-২০২৬’। শিশুদের সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘মিলে মিশে কাজ করি, সবুজ সুন্দর বাংলাদেশ গড়ি’।
দুই দিনব্যাপী এ আয়োজনে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১৪০ জন শিক্ষার্থী (হলদে পাখি) এবং ৩৪ জন শিক্ষক (বৃক্ষ পাখি) অংশ নিচ্ছেন। এছাড়া গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের জেলা ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
উদ্বোধনী দিনে পঞ্চগড় জেলার বাছাই করা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। মঙ্গলবার রংপুর বিভাগের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও ১১০ জন শিক্ষার্থী এ আয়োজনে যুক্ত হবে।
উদ্বোধন উপলক্ষে জাতীয় সংগীত ও বিশ্ব সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের রংপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী মিঞাসহ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের ট্রেইনার সুমাইয়া তাবাসসুম।
বক্তারা বলেন, ঝাঁক অবকাশ শিশুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি গার্ল গাইডিংয়ের আদর্শ ও মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি হবে। এ আয়োজনে শিশুরা জাহাজ, লঞ্চ, স্টিমার ও নৌকায় চড়ার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ফুল তৈরি, সামাজিক আচার-আচরণসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা পাবে।
উদ্বোধনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝাঁক অবকাশের কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার বিভিন্ন আয়োজন শেষে র্যালির মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি হবে।
এস.এম/ডিএস