পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করত। সকালে চলন্ত ট্রাক্টরে ওঠার চেষ্টা করলে হঠাৎ তার পা পিছলে যায়। এতে সে ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এস.এম/ডিএস