পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে পাওয়া বোমা সদৃশ বস্তুটি প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের মাঠে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।
বস্তুটির ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোগোসংবলিত ৮ দফা দাবির একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।
এসআরবির সদস্যরা জানান, বস্তুটি স্থানীয়ভাবে তৈরি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। তবে এটি তেমন ক্ষতিকর ছিল না।
এসআরবি নীলফামারী-১৩-এর সহকারী পুলিশ সুপার তৌহিদ বলেন, জেলা ও পুলিশ প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে তাঁরা একটি টহল দল পাঠান। পরে প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুটি উদ্ধার করে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তুটি দেখতে পাওয়া যায়। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর এটি ছোট বোমা বলে নিশ্চিত করেন। এর সঙ্গে পাওয়া চিঠিটি নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এতে গোপনীয় কিছু বিষয় থাকায় আপাতত প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে চাদরে জড়ানো এক ব্যক্তিকে দেখা গেছে। তাঁকে শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে বৃহস্পতিবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের কর্মচারীরা লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি ঘিরে রাখে।
এস.এম/ডিএস