জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের পাশাপাশি যুবক ও শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর ‘চিলড্রেন অ্যান্ড ইউথ প্যাভিলিয়নে’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‘বিয়ন্ড দ্য হরাইজন: আওয়ার ডিমান্ড ফর দ্য আনসিন ভিকটিমস অব ক্লাইমেট মাইগ্রেশন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে রূপান্তর ও অদম্য ’১৯ ইয়ুথ ফাউন্ডেশন। অনুষ্ঠানের শুরুতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নদীভাঙন, বাস্তুচ্যুতি এবং প্রান্তিক মানুষের জীবন-জীবিকার সংকট নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে নদীভাঙন ও আকস্মিক বন্যার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। এসব দুর্যোগে অসংখ্য মানুষ ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে। জীবন ও জীবিকার তাগিদে তারা শহরমুখী হচ্ছে। ফলে শহরের বস্তিগুলোতে মানবেতর জীবনযাপনে বাধ্য হওয়া মানুষের সংখ্যা বাড়ছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতির এই বহুমুখী প্রভাব যুবক ও শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে। এ সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাংলাদেশ কোনো ঋণ চায় না, অনুদান সহায়তা চায়। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত যুবক ও শিশুদের সুরক্ষায় বিশ্ব সংস্থা ও বিভিন্ন দেশের প্রতি তিনি অনুদানভিত্তিক সহায়তা প্রদানের জোরালো আহ্বান জানান।
এস.এম/ডিএস