পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়।
উপজেলার ছয়টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য ৩ হাজার টাকার চেক দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল ও সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিকসহ আমন্ত্রিত অতিথিরা।
এ সময় অতিথিরা উপকারভোগীদের হাতে ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেন। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও ঘুরে দাঁড়াতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা।
এস.এম/ডিএস