নীলফামারীর ডোমার পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব আশফিকুন নাহার।
প্রজ্ঞাপনে বলা হয়, পৌরসভাসমূহের গঠন ও শ্রেণি উন্নীতকরণ সংক্রান্ত ২০১১ সালের ৩১ মে জারি করা পরিপত্রের বিধান অনুযায়ী ডোমার পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণির পৌরসভায় উন্নীত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তবে শ্রেণি উন্নীত হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা ও বেতনক্রমে কোনো পরিবর্তন হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তাদের পূর্বের পদমর্যাদা ও বেতনক্রম বহাল থাকবে।
এস.এম/ডিএস