পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সরকারি পরিপত্র উপেক্ষা করে সমাপনী পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামালের বিরুদ্ধে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা করে আদায় করা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এ ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ১৩ অক্টোবর অধ্যক্ষ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়। নোটিশে ২৮ অক্টোবরের মধ্যে ফি জমা দেওয়ার শেষ সময় উল্লেখ করা হয়।
প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ৩৮৮ জন। সে হিসাবে নির্ধারিত হারে ফি আদায় করা হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৫ হাজার ২০০ টাকা। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার ফি ২০০ টাকা হলে আদায়যোগ্য অর্থ ৭৭ হাজার ৬০০ টাকা। ফলে অতিরিক্ত ৭৭ হাজার ৬০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
ষষ্ঠ শ্রেণির 'ক' শাখার শিক্ষার্থী লাবিব ইসলাম, রায়হান ও ফিহা আক্তার এবং অষ্টম শ্রেণির 'ক' শাখার শারমিন আক্তার সাদিয়া ও রুমানাসহ একাধিক শিক্ষার্থী সমাপনী পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফি জমা দিলেও কোনো রশিদ দেওয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে, গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-১ থেকে জারি করা পরিপত্রে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা আদায়ের নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রের তফসিল 'গ'-তে এ ফি নির্ধারণ করা হয়েছে।
পরিপত্রের ৫ নম্বর ধারার ৫.১ উপধারায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ তফসিল 'ঙ' অনুযায়ী ব্যয়ের নির্দেশনা রয়েছে। তফসিল 'ঙ' অনুযায়ী, পরীক্ষার্থীর সংখ্যা ৫০০-এর নিচে হলে সরকারি কোষাগারে শূন্য শতাংশ, স্থানীয় প্রশাসন, অফিস ও পরীক্ষা কমিটির জন্য ৩৫ শতাংশ, ইনভিজিলেটর এবং পরীক্ষা-সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের পারিশ্রমিক বাবদ ৬৩ শতাংশ ও অন্যান্য ব্যয় বাবদ ২ শতাংশ অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে।
সমাপনী পরীক্ষার ফি প্রসঙ্গে রংপুর ও সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দুই অধ্যক্ষ জানান, ভর্তির সময়ই পরীক্ষার ফি নেওয়া হয়। তবে মূল্যবৃদ্ধির কারণে প্রশ্নপত্র ছাপানো, উত্তরপত্র প্রস্তুত এবং পরীক্ষা গ্রহণের সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মচারীদের সম্মানী পরিশোধ করতে গিয়ে ওই অর্থে সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে গত জুলাইয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে সমাপনী পরীক্ষার ফি বাবদ সর্বোচ্চ ২০০ টাকা আদায়ের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, সমাপনী পরীক্ষা ফি বাবদ ২০০ টাকা এবং অত্যাবশ্যকীয় ফি বাবদ ২০০ টাকা আদায় করা হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থীরা ফি জমা দিলেও কোনো রশিদ পায়নি বলে জানিয়েছে।
অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, অত্যাবশ্যকীয় ফি বাবদ সর্বোচ্চ ৭৫০ টাকা আদায়ের সুযোগ রয়েছে। ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৩৭৫ টাকা নেওয়া হয়েছিল। অত্যাবশ্যকীয় খাতের ব্যয় মেটাতে সমাপনী পরীক্ষার ফির সঙ্গে আরও ২০০ টাকা আদায় করা হয়েছে।
তবে অধ্যক্ষের এ বক্তব্যের সঙ্গে সরকারি নির্দেশনার সামঞ্জস্য পাওয়া যায়নি। ২০১৮ সালের ৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে দুই শিফটের জন্য পৃথকভাবে ৩৭৫ টাকা হারে অত্যাবশ্যকীয় ফি আদায় করা যাবে। অর্থাৎ দুই শিফট চালু থাকলে মোট ৭৫০ টাকা আদায়ের সুযোগ রয়েছে। কিন্তু দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে চালু রয়েছে মাত্র একটি শিফট। সে ক্ষেত্রে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৩৭৫ টাকা আদায়ের পর সমাপনী পরীক্ষার ফির সঙ্গে পুনরায় ২০০ টাকা আদায়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) পঞ্চগড় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা বলেন, এই যে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে এর পুরোটাই লোপাটের সম্ভাবনা রয়েছে। সরকারি প্রতিষ্ঠান যদি এভাবে নিয়মের তোয়াক্কা না করে তাহলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, টেলিফোন সংযোগ গ্রহণে অনিয়ম তদন্তে তদন্ত কর্মকর্তা যাবেন। সেখানে এই বিষয়গুলো তুলে ধরবেন। যদি সমস্যা পায় সেটা আমরা উপরে তুলে ধরব। বাড়তি অর্থ আদায়ের দায় তাঁকেই নিতে হবে।
এস.এম/ডিএস