জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। একই সঙ্গে বৈশ্বিক কার্বন বাজারে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং সবুজ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘টাস্কিং দ্য ডেল্টা: ব্রিজিং দ্য ক্লাইমেট’ এবং ‘অ্যাডভান্সিং বাংলাদেশ’স কার্বন ক্রেডিট মার্কেট: অপরচুনিটিজ, ইন্টিগ্রিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের জীবন ও প্রকৃতি রক্ষায় অতিরিক্ত ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক তহবিল প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যও তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন শুধু জলবায়ু ঝুঁকির বিষয়টি তুলে ধরছে না, বরং সবুজ বিনিয়োগ, উদ্ভাবন এবং উচ্চমানের কার্বন অর্থায়নের মাধ্যমে টেকসই ও ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় ‘বাংলাদেশ কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক’ ও ‘ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি’ গঠনের মাধ্যমে নিরাপদ ও স্বচ্ছ কার্বন বাণিজ্যের জন্য দেশ প্রস্তুতি নিচ্ছে।
পানিসম্পদ ব্যবস্থাপনা ও কার্বন বাজারের সম্ভাবনা তুলে ধরে তিনি তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন এবং ব-দ্বীপ সুরক্ষার মাধ্যমে ব্লু কার্বন সংরক্ষণ, কৃষিতে সৌরচালিত সেচ পাম্প ও অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০-এর আওতায় প্রকৃতিনির্ভর সমাধানের মাধ্যমে বন্যা সহনশীলতা বৃদ্ধি।
বক্তব্যের শেষে বৈশ্বিক সবুজ রূপান্তরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদারত্ব নিশ্চিত করতে দ্বিপাক্ষিক সহযোগী, বহুপাক্ষিক সংস্থা ও বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠান দুটিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সিইজিআইএস, আইডব্লিউএম এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস