নদী ও খাল খননের পর উত্তোলিত মাটি যেন আবার সেখানেই ফেলা না হয়, সে জন্য ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করেছে সরকার। নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে খনন করা মাটি অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার গোহাটি এলাকায় করতোয়া নদী খনন কার্যক্রমের পূর্বপ্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর উপলক্ষে এ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন আজাদ বলেন, তারেক রহমানের সরকার শুধু খাল বা নদী খনন করেই কাজ শেষ করে না। খননের পর উত্তোলিত মাটি যেন পুনরায় খাল-নদীতে না মিশে যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ সচল হবে। নদীতে সংরক্ষিত পানি ব্যবহার করে ধানসহ রবি শস্যের উৎপাদন বাড়বে। এতে কৃষক ও সাধারণ মানুষের আয় বাড়ার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার পরিবেশ সুরক্ষিত হবে বলে জানান প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, বগুড়া ও গাইবান্ধা জেলার করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর নাব্যতা পুনরুদ্ধার, পলি জমা ও জলাবদ্ধতা নিরসন এবং বন্যার ঝুঁকি কমাতে ১ হাজার ৯৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। গত ১৬ জুন ২০২৬ তারিখে একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ, সেচ ও নিষ্কাশন সুবিধা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ৫ হাজার ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।
পরিদর্শনকালে সংরক্ষিত আসনের মহিলা সদস্য মমতাজ আলো, পানি সম্পদ সচিব, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দীন ডিএস