রিয়াদ, (রংপুর) বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ কর্মশালার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ফ্যাক্ট চেকিং ও আধুনিক প্রযুক্তির জ্ঞান অপরিহার্য। সংবাদ প্রকাশের আগে তথ্যের সঠিকতা যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ও তথ্যনির্ভর লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। গুজব কিংবা ভিত্তিহীন সংবাদের পরিবর্তে ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও প্রতিষ্ঠানের কল্যাণ বয়ে আনে।
এ সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় পিআইবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপাচার্য। পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান তিনি।
পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।