গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪০ লাখ মানুষ সেচ সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের দীর্ঘদিনের সেচসংকট নিরসন হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ায় জিকে খাল ও মরা গড়াই খালের সম্ভাব্য খননস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জিকে খাল প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে প্রায় এক লাখ হেক্টর জমির কৃষক চাষাবাদে সুবিধা পাবেন। এতে প্রায় এক লাখ মণ ধান বেশি উৎপাদনের পাশাপাশি ৯ থেকে ১০ লাখ মেট্রিক টন অন্যান্য সবজি উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে। সেচ সুবিধা সম্প্রসারণের ফলে কৃষকদের জীবন-জীবিকার মানও উন্নত হবে।
তিনি জানান, ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে এসে সরকারের ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী।
এ উপলক্ষে তিনি কুষ্টিয়া সদর উপজেলার বিশ্বরোড সংলগ্ন জিকে খাল, চিনিকল মোড় ও জগতি সংলগ্ন মরা গড়াই খাল এবং মঙ্গলবাড়িয়া বাজার এলাকার সম্ভাব্য খননস্থল পরিদর্শন করেন। প্রায় ৮ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ মরা গড়াই খাল খননে আনুমানিক ১০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানানো হয়।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস