প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ ও নদী সুরক্ষা বিষয়ক স্বতন্ত্র কারিকুলাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রাঙ্গণে আয়োজিত এক প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অ্যাকশনএইড ও সাসটেইনলঞ্চ ল্যাবসের যৌথ উদ্যোগে ‘ইয়ুথ-লেড সাসটেইনেবিলিটি অ্যাকশন রিসার্চ ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও নদীগুলোকে রক্ষা করতে হলে শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এজন্য প্রাথমিক বিদ্যালয় থেকেই কার্বন নিঃসরণ বৃদ্ধি, নদী সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলাদা কারিকুলাম প্রণয়ন করে তা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা জরুরি।
তিনি আরও বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণা প্রমাণ করে, একটি টেকসই বাংলাদেশ গড়তে যুবসমাজ সম্পূর্ণ প্রস্তুত।
অনুষ্ঠানে তরুণ গবেষক ও উদ্ভাবকদের তৈরি বিভিন্ন পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জিপিএস ছাড়া অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি, রোবটের মাধ্যমে চিকিৎসাসেবা, কার্বন নিঃসরণ কমানোর কৌশল ও গ্রিন ক্লাইমেট ব্যবস্থাপনা।
প্রতিমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তরুণদের উদ্ভাবনের প্রশংসা করেন।
‘ফ্রম আইডিয়াস টু অ্যাকশন: ইয়ুথ-লেড এভিডেন্স, ইনোভেশন অ্যান্ড পার্টনারশিপস ফর আ সাসটেইনেবল বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং অ্যাকশনএইড ও সাসটেইনলঞ্চ ল্যাবসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস