পঞ্চগড়ে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের নিয়ে উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২২ নভেম্বর ) দুপুরে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি ১০০ ঘণ্টার প্রশিক্ষণ কর্মসূচি শেষে ২৫ জন প্রশিক্ষনার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মাসুম বিল্লাহ ও আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী জোনের প্রধান মুহাম্মদ ফজলুল হক সহ যমুনা ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া যমুনা ব্যাংক পিএলসির হেড অব এসএমই ডিভিশন (মার্কেটিং ইউনিট) নসরুল হাদি মোহাম্মদ নুসরত এবং ব্যাংকটির পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. রাশেদ মামুন উপস্থিত ছিলেন।
সমাপনী শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের নিয়ে ৮০ তম রোড শোর অংশ হিসেবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরের জিরো পয়েন্টে ফটো সেশনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।
এ ধরনের প্রশিক্ষণ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন সহ সহজলভ্য হবে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করেন আয়োজক ও প্রশিক্ষণার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বাস্তব ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োগ করে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।
এস.এম/ডিএস