পঞ্চগড়ের দেবীগঞ্জে মহাসড়কসহ বিভিন্ন পাকা সড়কের পাশে সরকারি জায়গা দখল করে বালু, পাথর, ইট ও কাঠের ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। এতে সড়কের পাশে স্তূপ করে রাখা নির্মাণসামগ্রী সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার বিভিন্ন সড়কের উভয় পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বালু, পাথর, কাঠ ও ইট স্তূপ করে ব্যবসা পরিচালনা করায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। পাশাপাশি প্রতিনিয়ত ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে।
নির্দেশনায় বলা হয়েছে, সড়কের পাশে অবৈধভাবে স্তূপ করে রাখা সব ধরনের মালামাল আগামী সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। ভবিষ্যতে রাস্তার ঢাল থেকে কমপক্ষে ১৫ ফুট দূরে নির্মাণসামগ্রী রাখতে হবে। এ দূরত্বের মধ্যে কোনো অবস্থাতেই মালামাল রাখা যাবে না।
এ ছাড়া মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে ট্রাকে বালু, পাথর ও ইট পরিবহনের সময় বাধ্যতামূলকভাবে ত্রিপল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন না করলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্তূপ করে রাখা মালামাল ও সংশ্লিষ্ট যানবাহন জব্দ বা বাজেয়াপ্ত করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্রশাসক, চেয়ারম্যান ও কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় মাইকযোগে গণবিজ্ঞপ্তিটি প্রচার করতে বলা হয়েছে। পাশাপাশি সড়কের পাশে অবৈধভাবে নির্মাণসামগ্রী স্তূপ করে ব্যবসা পরিচালনাকারীদের তালিকা তৈরি করে সাত দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এস.এম/ডিএস