পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় বাড়ির পাশের পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- রাইসা (৪), সে রহমত আলীর মেয়ে এবং ফারিহা (৩), সে মোহাম্মদ আলীর মেয়ে।
পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, রহমত আলীর স্ত্রী ফাতেমা আক্তার তাঁর বোন লিপি আক্তারের বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে রাইসা ও ফারিহা বাড়ির বাইরে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। পুকুরপাড় পিচ্ছিল থাকায় দুজনই পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘ সময় শিশু দুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে মেয়েকে ভাসতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে একই পুকুর থেকে ফারিহাকেও উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিষ্পাপ দুটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।