সাইদুর রহমান : দেবীগঞ্জ সংবাদ
দ্বীনের দাওয়াত, ঈমান-আমলের মেহনত ও আত্মশুদ্ধির আহ্বানে রংপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ ইজতেমা আগামী শনিবার (২৮ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং এবং দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে ইজতেমার আয়োজন করা হয়েছে। এতে রংপুর জেলার আট উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন দেশ থেকেও তাবলিগ জামাতের সদস্যরা ইজতেমায় যোগ দিয়েছেন।
ইজতেমায় প্রতিদিন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় বয়ান, তালিম, নামাজ, জিকির-আজকারসহ বিভিন্ন দ্বীনি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এসব আলোচনায় ঈমান মজবুত করা, নিয়মিত নামাজ আদায়, সুন্নাহ অনুসরণ, উত্তম চরিত্র গঠন এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইজতেমায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে দলে দলে মুসল্লিরা ময়দানে সমবেত হচ্ছেন। ধর্মীয় আলোচনা শোনা, আত্মশুদ্ধি অর্জন এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য পানি, বিদ্যুৎ, ওজু-গোসল ও চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে। সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সহযোগিতা করছে।
আয়োজকদের প্রত্যাশা, রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটবে। শনিবার আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি-সমৃদ্ধি এবং বিশ্বমানবতার হেদায়েত কামনা করা হবে।
মো সালাউদ্দীন ডিএস