অনেকেই প্রেমে ব্যর্থ হয়ে বিভিন্ন অযুক্তিক কাজ করে থারে, তার মধ্যে অন্যতম হলোব্যর্থ প্রেমিক বা প্রেমিকা হয়ে বিয়ের আগ্রহ হারিয়ে ফেলেন। এবার অতীতের ব্যর্থ প্রেম বা সম্পর্কের পরিণতি না পাওয়ার হতাশায় বিয়ের প্রতি অনীহা তৈরি হওয়াকে ‘নির্বুদ্ধিতা’ বলে আখ্যা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি অতীতের স্মৃতি আঁকড়ে না ধরে বাস্তবতা মেনে নেওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা এবং নতুন করে জীবন শুরু করার আহ্বান জানিয়েছেন।
এক আলোচনা অনুষ্ঠানে শ্রোতার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এক শ্রোতা জানান, ২০ বছর বয়সে তিনি একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। দুজনের মধ্যে ভালোবাসা থাকলেও দুই পরিবারের সম্মতি না পাওয়ায় মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। বর্তমানে তার বয়স ২৮ বছর। কিন্তু অতীতের সেই সম্পর্কের কারণে এখন আর বিয়ের প্রতি আগ্রহ বোধ করছেন না তিনি। এ অবস্থায় বিয়ে না করার বিষয়ে শরিয়তের বিধান জানতে চান ওই শ্রোতা।
জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, বিয়েবহির্ভূত বা হারাম সম্পর্ক গুনাহের কাজ। সেই সম্পর্কের পরিণতি না পাওয়া কিংবা কাউকে হারানোর বেদনায় বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া বোকামি ও নির্বুদ্ধিতার শামিল।
তিনি বলেন, যাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করা হয়েছিল, তিনি অন্যত্র বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করলে তার স্মৃতিতে নিজেকে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।
শায়খ আহমাদুল্লাহ বাস্তবতা মেনে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কেউ যদি অন্যত্র বিয়ে করে ভালো থাকতে পারেন, তাহলে নিজের জীবন থামিয়ে না রেখে নতুন করে শুরু করাই বুদ্ধিমানের কাজ।
অতীতের সম্পর্কটি পরিণতি না পাওয়াকে ক্ষতি হিসেবে না দেখে বরং ‘ভুল জায়গা থেকে আল্লাহ বাঁচিয়েছেন’ এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে এ জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মো: সালাউদ্দীন ds