পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিতে দুই দিনের সরকারি সফরে পঞ্চগড় আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
আগামী শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার (১৪ নভেম্বর) তাঁর এ সফর অনুষ্ঠিত হবে। এ সময় তিনি দুই উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ধর্মীয় অনুষ্ঠান, শিক্ষার্থীদের সংবর্ধনা এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রতিমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করবেন।
সফরের প্রথম দিন সকাল ১০টা ৪৫ মিনিটে দেবীগঞ্জ উপজেলার দালারহাট এলাকায় তেলিপাড়া হালকা সেচ প্রকল্পের ৮ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ, ৮টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে টেপ্রীগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া নজরুল ইসলাম নুরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
দুপুরের পর বোদা উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বিকেল ৩টায় সরকারপাড়া বাইতুন নূর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করবেন। এরপর বিকেল ৩টা ৪০ মিনিটে কালীতলা সর্বজনীন কালীমন্দিরের অবকাঠামো উন্নয়নকাজের উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৪টা ২০ মিনিটে সামান্যাঝা থেকে উঁচুকুড়া পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন এবং বিকেল ৫টা ৩০ মিনিটে বেলগাপাড়া কালীমন্দিরের আয়োজনে সামাজিক মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নেবেন প্রতিমন্ত্রী।
প্রথম দিনের শেষ কর্মসূচিতে রাত ৭টায় বোদা পৌরসভার বর্ণমালা বিদ্যাপীঠ আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দ্বিতীয় দিনের কর্মসূচি
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে বোদা এসোসিয়েশনের উদ্যোগে পৌর এলাকার প্রবীণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত শরীরচর্চাবিষয়ক কর্মসূচি ‘গুড মর্নিং বোদা’র উদ্বোধন করবেন তিনি।
সকাল ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘রান ফর অ্যাওয়ারনেস ম্যারাথন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সকাল ৯টা ৩০ মিনিটে জেলা আইডিইবি ভবনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬-এর অনুষ্ঠানে যোগ দেবেন।
সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
দুপুর ২টায় বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মনোরাম এলাকায় ইসলামপুর কাহারিয়া মনি শ্মশান কালীমন্দিরে কালীপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৩টায় বোদা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
দিনের শেষভাগে বিকেল ৪টায় দেবীগঞ্জ পৌরসভার ইকরা মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী।
এরপর বিকেল ৫টায় দেবীগঞ্জ থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, রাত ৭টা ৩০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা এবং রাত ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সফরসূচিতে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আর রায়হান দোলন, সহকারী একান্ত সচিব মো. জহিরুল ইসলাম বাবুসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তার সফরসঙ্গী হিসেবে থাকার কথা উল্লেখ করা হয়েছে।
দুই দিনের এ সফরে বোদা ও দেবীগঞ্জে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে প্রতিমন্ত্রীর অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি চলছে।
সালাউদ্দীন ডিএস