পঞ্চগড়ে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে মধ্যস্থতার মাধ্যমে অর্থঋণ ও যৌতুকবিরোধী মোট তিনটি বিরোধের সফল নিষ্পত্তি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জেলা লিগ্যাল এইড অফিসে সংশ্লিষ্ট পক্ষগুলোর উপস্থিতিতে আলোচনার মাধ্যমে এসব বিরোধের সমাধান করা হয়।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) জনাব লিমেন্ট রায় এবং স্পেশাল মেডিয়েটর জনাব মো. জাকির হোসেনের মধ্যস্থতায় বিরোধগুলোর নিষ্পত্তি হয়।
জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, নিষ্পত্তি হওয়া তিনটি বিরোধের মধ্যে দুটি অর্থঋণসংক্রান্ত (প্রি-কেইস) এবং একটি যৌতুকবিরোধী (পোস্ট-কেইস) বিরোধ ছিল। উভয় পক্ষের বক্তব্য শোনা এবং পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বিরোধগুলো সফলভাবে নিষ্পত্তি করা হয়।
মধ্যস্থতা বা আপস-মীমাংসা কার্যক্রমের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে সংশ্লিষ্ট পক্ষগুলো দীর্ঘ আইনি প্রক্রিয়ার ভোগান্তি থেকে রেহাই পাওয়ার সুযোগ পান। পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয়ের মাধ্যমে সহজে বিরোধের সমাধান করা সম্ভব হয়।
পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য ন্যায়বিচারপ্রাপ্তির পথ সহজ করার পাশাপাশি সামাজিক বিরোধ শান্তিপূর্ণভাবে নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সালাউদ্দীন/ ডিএস