পঞ্চগড়ের দেবীগঞ্জে ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ। এতে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করা চার শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান এবং পঞ্চম শ্রেণির ১১ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে দেবীগঞ্জ পৌরসভার কবরস্থান মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক শেখ ফরিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, শালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম ও সিনিয়র আইনজীবী গোলাম হাফিস প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। পাশাপাশি হিফজুল কোরআন সম্পন্নকারী চার শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান এবং পঞ্চম শ্রেণির ১১ শিক্ষার্থীকে বিদায় জানানো হয়।
এস.এম/ডিএস