গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর জানাজা শেষে মরদেহ দাফনের জন্য কবরস্থানে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন শোকার্ত মা। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জে ছেলেকে জানাজা শেষে দাফনের প্রস্তুতি, শোকে মায়ের মৃত্যু
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পারিবারিক কবরস্থানে ছেলের পাশেই দাফন করা হয় মাকেও।
মৃত ব্যক্তিরা হলেন বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে ইলিয়াস ফকির (৫০) এবং স্ত্রী হাসিনা বেগম (৭২)।
উল্লেখ্য, ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে একটি দলীয় প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ইলিয়াস ফকির। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শনিবার সকাল ১০টার দিকে জানাজা শেষে ইলিয়াস ফকিরের মরদেহ দাফনের উদ্দেশ্যে বাড়ি থেকে পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। ছেলের মরদেহ বাড়ি থেকে বের করার পরপরই শোকে বিহ্বল হয়ে অসুস্থ হয়ে পড়েন মা হাসিনা বেগম। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বজন ও স্থানীয়দের ধারণা, ছেলের অকাল মৃত্যুর শোক সইতে না পেরেই হৃদরোগ বা তীব্র মানসিক আঘাতে তার মৃত্যু হয়েছে।
মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে ইলিয়াস ফকিরকে এবং বিকেলে তার মা হাসিনা বেগমকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
মো সালাউদ্দীন ডিএস