পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দেবীগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম উদ দৌলার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স মৌমাছি স্টোরকে ১ হাজার ৫০০ টাকা, ক্ষতিকারক রং মেশানো খাবার বিক্রির দায়ে মেসার্স অনিক স্টোরকে ১ হাজার ৫০০ টাকা, দোকানে ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন ও বিক্রির দায়ে মেসার্স মাহবুব ফার্মেসিকে ২ হাজার টাকা এবং নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী কর্মস্থলে উপস্থিত না থাকায় হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম উদ দৌলা বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থাপনায় চার প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। এ সময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।