পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছেন কয়েক শতাধিক স্কুল শিক্ষার্থী।
সোমবার (১৭ আগস্ট) সকালে দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ কর্মসূচির আয়োজন করে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভায় শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সামাজিক অবক্ষয় রোধে শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা।
এ সময় শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান ইউএনও ইন্দ্রজীত সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম।
শিক্ষার্থী মুরাদ হোসেন বলেন, ‘বাড়িতে বাবা-মা এবং বিদ্যালয়ে শিক্ষকরা ভালো কাজে উৎসাহ দেন ও খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেন। আজ আমরা সবাই মিলে শপথ করেছি, আমরা ভালো মানুষ হবো এবং মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকব।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রতিদিন একটি করে শপথ পাঠ করলেও আজ দুটি শপথ পাঠ করেছি। উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ নিয়েছি এবং এসব সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়েছি।’
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, ‘টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিন বলেন, ‘আমরা শিক্ষকরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করছি। লাল সবুজ উন্নয়ন সংঘের শপথ ও লাল কার্ড কর্মসূচি সামাজিক অবক্ষয় রোধে একটি সুন্দর উদ্যোগ। এভাবে সবাই সচেতন হলে এবং নিজ নিজ জায়গা থেকে সচেতনতা তৈরি করলে নতুন প্রজন্ম মাদক, অপরাধসহ সামাজিক অবক্ষয় ও অভিশপ্ত জীবন থেকে দূরে থাকবে।’
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, ‘শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত রাখার বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, এটি প্রশংসনীয়। আমরা চাই, আমাদের শিক্ষার্থী তথা নতুন প্রজন্ম সব ধরনের সামাজিক অবক্ষয় ও অপরাধ থেকে বিরত থাকুক। এ জন্য সবাইকে এভাবেই এগিয়ে আসতে হবে।’
এস.এম/ডিএস